Saturday, February 1, 2014

E Ki Palayan?

এ কি পলায়ন?

বেঁধনা আমায় বাসনার ডোরে 
যেতে দাও বহু দূরে,
যেথায় কবিতা আকাশের নীলে 
রামধনুর সাত সুরে।

সাহারার বালি মেঘনার জল 
আমি যে রয়েছি সেথায়,
চাঁদের আলোতে অদৃশ্য তারা 
লুকোচুরি খেলে যেথায়।

সাদা কালো এই জগত ছাড়িয়ে 
রঙের পৃথিবী করেছি বরণ,
বাস্তব ছোঁয়ায় ঘুম ভেঙ্গে যায়
আমার স্বপ্নের অকাল মরণ।

চোখ খুলে দেখি চেনা পৃথিবী 
চেনা সব লোক চেনা নয়ন,
কুতূহলী মনে জাগে দন্দ 
'এ কি পলায়ন?'

(২০০৬)




Priyo tobo aankhi

প্রিয় তব আঁখি 

কত পথ পাড়ি দিয়ে 
আশা ভরা বুক নিয়ে 
আমি আজ তব মুখোমুখি,
চেয়ে চেয়ে মুখ পানে 
কত কথা জাগে প্রাণে 
ছুঁতে চাই প্রিয় তব আঁখি।

বল সখী বল মোরে 
বেঁধেছ এ কী ডোরে 
তুমি ছাড়া যেন কিছু নাই,
ফাগুনের গানে গানে 
আষাড়ের বরিষণে 
তোমাকেই খুঁজে খুঁজে পাই।

(২০০৬)


Tinte Baaje

তিনটে বাজে 

তিনটে বাজে তিনটে বাজে 
তেঁতুল গাছে তিনটে বাজে 
লাল শাড়ির ওই চিকন ভাঁজে 
প্রানের দোলায় তিনটে বাজে।

তিনটে বাজে তিনটে বাজে 
ধানের শীষে তিনটে বাজে 
খেজুর পাতায় সূর্য নাচে 
মেঘের সীমায় তিনটে বাজে।

তিনটে বাজে তিনটে বাজে 
পুকুর পারে তিনটে বাজে 
আসবে কখন বুকের মাঝে 
পাখির গানে তিনটে বাজে।

তিনটে বাজে তিনটে বাজে।

(২০০৬)




September

সেপ্টেম্বর 

সেপ্টেম্বর-এর বিকেলে
দ্বীধা সংকোচ সব ফেলে,
বলি তোমার কানে 
ভালোবাসি তোমায়।
ক্যালেন্ডারে তখন সেপ্টেম্বর।।

গম্ভীর মুখে তুমি বললে আমায় 
যেন দিই আমি সময় তোমায়।
সময়...
এই নিষ্ঠুর সময় 
জানি প্রতি রাতে তুমি স্বপ্নে দেখো আমায়,
জানি আমারি গানে গানে সুর হয়ে ভাসবে যে হায়।
তবে কেন প্রাচীর স্বরূপ এ সময়?
এই নিষ্ঠুর সময়...
সময়ের দাস হয়ে চাইনে থাকতে আমি,
তাইতো কাঁদে এই গিটার।
বলি তোমার কানে 
ভালোবাসি তোমায়।

ক্যালেন্ডারে তখন সেপ্টেম্বর।।

পৃথিবীর আনন্দ ধারায় 
বিলিয়ে দাও না কেন হৃদয় তোমার?
হৃদয়।...
এই পাষান হৃদয়
জানি এক দিন মালা পড়াবে তুমি যে আমায়,
জানি প্রেমের এই স্রোতে ভেসে যাব সুরের মোহনায়।
তবে কেন খোলসে ঢাকা এ হৃদয়?
পূর্নিমার আলো রাতে,
কেন থাকো দূরে দূরে?
পাশে এসে আমার গানে,
সুর দাও সুরে সুরে।
তুমি ছাড়া বোবা আজ আমার সেতার।
বলি তোমার কানে 
ভালোবাসি তোমায়।

ক্যালেন্ডারে তখন সেপ্টেম্বর।।

(২০০৩)